dddddd

নাটকে মোড়,ম্যান ইউ তে যাচ্ছেন রোনালদো

August 28, 2021
কয়েক ঘন্টার চরম নাটকীয়তার শেষ হলো। কিছুক্ষণ আগে ম্যানচেস্টার ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো ‘ঘরে’, অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরছেন। জুভেন্টাসের সঙ্গে রোনালদোর দলবদল মূল্য নিয়ে চুক্তি হয়ে গেছে ম্যান ইউনাইটেডের। এখন শুধু রোনালদোর স্বাস্থ্যপরীক্ষা ও তাঁর সঙ্গে ম্যান ইউনাইটেডের চুক্তির আনুষ্ঠানিকতা বাকি।

ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে যে, ব্যক্তিগত চুক্তি, ভিসা ও স্বাস্থ্যপরীক্ষা সফলভাবে শেষ করার শর্তসাপেক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের জন্য আমাদের ক্লাব জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।’ টুইটারে ঘোষণাটা দিয়ে ক্লাবের অফিশিয়াল একাউন্টে লেখা, ‘ঘরে স্বাগতম, ক্রিস্টিয়ানো।’

দলবদলের অঙ্কটা কত সেটা তো আর ইউনাইটেড সরাসরি জানানোর কথা নয়, সেটি জানা যাচ্ছে দলবদলের খবরাখবর নিয়মিত জানানো সাংবাদিক ফাব্রিজিও রোমানোর কাছ থেকে। ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ানে এড অ্যারনসের সঙ্গে রোমানোর যৌথভাবে লেখা কলামে জানানো হচ্ছে, রোনালদোর জন্য জুভেন্টাসকে প্রাথমিকভাবে ২ কোটি ইউরোর পাশাপাশি কিছু শর্ত পূরণসাপেক্ষে আরও ৩০ লাখ ইউরো দেবে ম্যান ইউনাইটেড।

ক্রিস্টিয়ানো রোনালদো, আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন
ক্রিস্টিয়ানো রোনালদো, আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন
ফাইল ছবি: এএফপি

আর বাকি রইল রোনালদোর সঙ্গে ম্যান ইউনাইটেডের চুক্তি? সেটি এখনো চূড়ান্ত হয়নি বলে ক্লাবের পক্ষ থেকে কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গার্ডিয়ান লিখেছে, ভিসা পেলে ও স্বাস্থ্যপরীক্ষায় উতরে গেলেই ম্যান ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তি সই করবেন রোনালদো। ম্যান ইউনাইটেডের পক্ষ থেকে চুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে আগেই, তাতে রোনালদোর সম্মতিও আছে।

২০০৩ সালে স্পোর্তিং লিসবন ছেড়ে তরুণ রোনালদো ম্যান ইউনাইটেডে গিয়েছিলেন। ২০০৯ সালে ম্যান ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড, জিতেছিলেন একটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি প্রিমিয়ার লিগসহ ৯টি শিরোপা। রোনালদোর তারকা হয়ে ওঠার শুরু ইউনাইটেডেই। সেই ‘ঘরে’ই ফিরলেন রোনালদো!

বিকেলে রোনালদোর জুভেন্টাস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এল, কয়েক ঘন্টা পরই এল তাঁর ইউনাইটেডে ফেরার খবর
বিকেলে রোনালদোর জুভেন্টাস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এল, কয়েক ঘন্টা পরই এল তাঁর ইউনাইটেডে ফেরার খবর 
ছবি: রয়টার্স

ম্যান ইউনাইটেডের আনুষ্ঠানিক ঘোষণাটা আসার আগ পর্যন্ত কয়েক ঘন্টায় কী নাটকই না হলো! গতকাল পর্যন্ত গুঞ্জন ছিল, ইউনাইটেডেরই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যান সিটিতে যাচ্ছেন রোনালদো, সিটির সঙ্গে রোনালদোর ব্যক্তিগত চুক্তি হয়ে গেছে বলেও জানিয়েছিলেন দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদন মিগেল ডেলানি। কিন্তু আজ বাংলাদেশ সময় বিকেল থেকে ঘটনায় ১৮০ ডিগ্রি বদল।

রোনালদোর দলবদল মূল্য নিয়ে জুভেন্টাস-সিটির বনিবনা হয়নি। সিটি রোনালদোর জন্য কোনো অর্থ খরচেই রাজি ছিল না। এর মধ্যে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি জানিয়ে দিলেন, রোনালদো জুভেন্টাস ছাড়ছেন।

অন্যদিকে ফাব্রিজিও রোমানো বাংলাদেশ সময় বিকেলে জানালেন, রোনালদোর মুখপাত্র জর্জ মেন্দেস গতকাল রাত থেকে ম্যান সিটি ও ম্যান ইউনাইটেড দুই ক্লাবের সঙ্গেই যোগাযোগ করছিলেন। এর মধ্যে ইউনাইটেডে রোনালদোর অতীতের কারণে ইউনাইটেডই এগিয়ে গেল দৌড়ে। সিটি দৌড়ে ক্ষান্তি দিল।

ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন কাল রাতে রোনালদোর সঙ্গে আলোচনার পর ইউনাইটেড জোরেশোরে রোনালদোকে পাওয়ার দৌড়ে ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত তাতেই রচিত হয়ে গেল অনবদ্য এক প্রত্যাবর্তনের গল্প!